যমুনা নদীর সিরাজগঞ্জের হার্ড পয়েন্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুটি বইয়ের আদলে ‘মুজিব দর্শন’ নামের ম্যুরাল গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় উদ্বোধন করা হয়েছে। পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এ ম্যুরাল উন্মোচন করেন। ‘কারাগারের রোজনামচা’ ও ‘অসমাপ্ত আত্মজীবনী’ নামে দুই বইয়ের আদলে তৈরি করা হয়েছে এ ম্যুরাল।
পানিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সিরাজগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ড এ ম্যুরালটি তৈরি করেছে। এর চারপাশে নিরাপত্তা দেয়ালের সঙ্গে বঙ্গবন্ধুর ফটো গ্যালারি তৈরি করে এটিকে আরও দৃষ্টিনন্দন করে তোলা হয়েছে।
পরে পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, জেলা প্রশাসক ফারুক আহম্মেদ, পুলিশ সুপার হাসিবুল আলম, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, পৌর মেয়র সৈয়দ আবদুর রউফ মুক্তা প্রমুখ।
