প্যারাগুয়েতে কভিড-১৯ নিয়ে সহিংস বিক্ষোভের পর দেশটির প্রেসিডেন্ট মারিও আবদো বেন্তিয়েজ শনিবার কেবিনেটে রদবদলের ঘোষণা দিয়েছেন।
প্রেসিডেন্ট স্বাস্থ্য, শিক্ষা, নারী ইস্যু ও বেসামরিক বিষয়ে নতুন লোক নিয়োগের কথা জানান।
এর আগে শুক্রবার দেশটিতে করোনা মোকাবিলা নিয়ে সরকারের পদক্ষেপের বিরুদ্ধে হাজার হাজার লোক রাস্তায় বিক্ষোভ করে। বিক্ষোভকারী দোকানে লুটপাট ও গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময়ে আহত হয় ২১ জন।
শনিবারও বিক্ষোভকারীরা রাস্তায় নামে। প্রায় ৫ হাজার লোক বিক্ষোভে অংশ নেয়। শান্তিপূর্ণ সমাবেশ থেকে তারা প্রেসিডেন্টের পদত্যাগের দাবি করেন।
প্যারাগুয়েতে শুক্রবার ১ লাখ ৬৫ হাজার ৮১১ জনের করোনা আক্রান্ত ও ৩ হাজার ২৮৭ জনের মৃত্যুর খবর প্রকাশ করা হয়েছে।
দেশটির জনসংখ্যা ৭০ লাখেরও কিছু বেশি। এ পর্যন্ত তারা রাশিয়ার থেকে ৪ হাজার ডোজ করোনা ভ্যাকসিন পেয়েছে।
