মেয়রকে লক্ষ্য করে গুলি: গৌরীপুরে আধাবেলা হরতাল

আপডেট : ০৮ মার্চ ২০২১, ০১:২৭ পিএম

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে গুলি করার প্রতিবাদে পৌর শহরে সোমবার আধাবেলা হরতাল চলছে। হরতালের কারণে সকাল থেকে পৌর শহরে যান চলাচল ও দোকানপাট বন্ধ রয়েছে। হরতাল চলবে বেলা ২টা পর্যন্ত।

কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম জানান, নবনির্বাচিত হ্যাট্টিক বিজয়ী পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় আজকের আধাবেলার হরতাল ডাকা হয়। হরতাল ২টা পর্যন্ত চলবে।

গৌরীপুর থানার ওসি খান হালিম সিদ্দিকী বলেন, ‘মেয়রের কিছু সমর্থক হরতালের কথা বললেও আমরা তা প্রতিহত করছি। গৌরীপুর পৌর শহরে মানুষ স্বাভাবিকভাবেই চলাচল করছে।’

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমানকে হত্যা করে দুর্বৃত্তরা। মাসুদুর গৌরীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

মাসুদুর হত্যার ঘটনায় গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামকে আসামি করা হয়। সৈয়দ রফিকুল ইসলাম গৌরীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ছিলেন। হত্যা মামলায় আসামি হওয়ার কারণে তাকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

হত্যা মামলার আসামি হওয়ায় গত ৩০ জানুয়ারির গৌরীপুর পৌরসভা নির্বাচনে রফিকুল আওয়ামী লীগের মনোনয়ন পাননি।

পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন তিনি। নির্বাচন ঘিরে সাংসদ ও মেয়রের মধ্যে বিরোধ দেখা দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত