নারী দিবসে নয়া জলঢাকা আন্দোলনের ডাক দিলেন ব্যারিস্টার তুরিন আফরোজ। ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক নারী দিবসে তিনি এই আন্দোলনের ডাক দেন।
ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার নীলফামারীর জলঢাকায় প্রথমবারের মতো সহস্রাধিক নারীর সমাগমে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত হয়।
জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় একাত্তরের শহীদ-জায়া বোদন শ্বরী শীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার ড. তুরিন আফরোজ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. রেজওয়ানুল কবির সজীব এবং সহকারী কমিশনার (ভূমি) জনাব সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া। স্বাগত বক্তব্য প্রদান করেন ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক জনাব মো. এনামুল হক।
অনুষ্ঠানে ব্যারিস্টার তুরিন আফরোজ ‘নয়া জলঢাকা আন্দোলনের’ ডাক দিয়ে বলেন, আমাদের ফাউন্ডেশন সকলকে নিয়ে নয়া জলঢাকা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। জলঢাকার জনসংখ্যার অর্ধেক নারী। মনে রাখবেন, একটি পরিবারে যখন নারীর মুখে হাসি থাকে, সেই পরিবারে সূর্যের আলো খেলা করে। জলঢাকা থেকে আমরা সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি দূর করব। নয়া জলঢাকা গঠনে আমরা নারী-পুরুষ এক সঙ্গে কাজ করব।
এ বছরের নারী দিবসের প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় অনুষ্ঠানে দিনব্যাপী করোনা টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেন ফাউন্ডেশনের সহস্রাধিক নারী কর্মীবৃন্দ। নারী দিবস উপলক্ষে জলঢাকা পৌরসভা এলাকাতে বর্ণাঢ্য র্যালী বের করেন ফাউন্ডেশনের সহস্রাধিক নারী কর্মীবৃন্দ।
