বিলুপ্ত প্রজাতির কিং কোবরা গিলে খাচ্ছিল গুইসাপের বাচ্চা!

আপডেট : ০৮ মার্চ ২০২১, ০৮:৩৭ পিএম

চট্টগ্রামের সীতাকুন্ডের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক স্টাফ কোয়ার্টারের সামনে থেকে বিলুপ্ত প্রজাতির একটি কিং কোবরা উদ্ধার করেছে বন বিভাগ। রবিবার গভীর রাতে সাপটি উদ্ধার করার পর সোমবার বিকাল ৪টায় ওয়াচ টাওয়ার সংলগ্ন গভীর অরণ্যে অবমুক্ত করা হয়।

সাপ উদ্ধারকারী বাগান মালী রায়হান শেখ ও মিজানুর রহমান জানান রাত ১২টার দিকে স্টাফ কোয়ার্টার থেকে বের হলে তারা সাপটি দেখতে পান। এটি 'বৈদ্য নারিকেল' গাছের ওপর থাকা একটি গুই সাপের বাচ্চা শিকার করতে গাছের নিচে অবস্থান নেয়। এর কিছুক্ষণ পর গাছের ওপরে উঠে গুইসাপের বাচ্চা ধরে নিচে নিয়ে আসে সাপটি। এরপর গুইসাপটিকে পুরোপুরি গিলে ফেলে এটি। শিকারের এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে প্রায় ২০ মিনিট সময় নেয় সাপটি। এরপর বাগান মালী রায়হান শেখ সাপটিকে ধরে একটি বস্তায় ভরে রাখে।

সীতাকুন্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের দায়িত্বরত বন বিভাগের রেঞ্জ অফিসার মোহাম্মদ আলমগীর জানান, উদ্ধারের পর সাপের ছবি গবেষণা ইন্সটিটিউটে পাঠালে এটাকে কিং কোবরা বলে শনাক্ত করে রিসার্চ সেন্টারে নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন তারা। বিষয়টি বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের পরিচালক মিজানুর রহমানকে অবগত করলে তিনি এটিকে গভীর অরণ্যে অবমুক্ত করার নির্দেশনা প্রদান করেন। সেইমতো আজ সোমবার বিকাল চারটার দিকে সাপটিকে ওয়াচ টাওয়ার সংলগ্ন গভীর অরণ্যে অবমুক্ত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত