রাষ্ট্রায়ত্ত ২৫ পাটকলকে বেসরকারি খাতে ইজারা দেওয়ার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে পাট-সুতা ও বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ। সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদে ১৬ মার্চ দেশের সব পাট-চিনিকল এলাকায় অবস্থান ও ঢাকায় সংহতি সমাবেশ করবেন শ্রমিকরা। গতকাল সোমবার পাট-সুতা ও বস্ত্র শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সভায় এ কর্মসূচির ঘোষণা করা হয়।
পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে শ্রমিক নেতারা বলেন, অতীতে যে ৩৯টি পাটকল বেসরকারিকরণ করা হয়েছিল তার ২৯টিই বন্ধ। এসব পাটকলের রাষ্ট্রীয় সম্পত্তি লুটপাট করা হয়েছে। বেসরকারি খাতে চালু থাকা পাটকলে শ্রম আইন মানা হয় না। এমনকি শ্রমিক কর্মচারীরা বাঁচার মতো মজুরি পান না। নতুন করে বেসরকারিকরণের অর্থ হলো রাষ্ট্রের সম্পত্তি পছন্দমতো কিছু ব্যক্তির হাতে তুলে দেওয়া। এ লুটপাট দেশবাসী সহ্য করবে না।
