রানীশংকৈল বিএম কলেজে জাল সনদে ৪ জনের চাকরি, টাকা ফেরতের চিঠি

আপডেট : ০৯ মার্চ ২০২১, ০৪:১৫ পিএম

ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল বিএম (কারিগরি) কলেজের প্রভাষক আহম্মদ হোসেন (বিপ্লব)সহ ৪ শিক্ষক জাল সনদপত্র দিয়ে চাকরি নেওয়ার সত্যতা খুঁজে পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর।

ওই অধিদপ্তরের পরিচালক প্রফেসর অলিউল্লাহ মো. আজমতগীর চলতি বছরের ২৪ জানুয়ারি এবং পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ ১৪ জানুয়ারি স্বাক্ষরিত কলেজের পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনে জাল সনদপত্রের বিষয়টির সত্যতা তুলে ধরেন।

প্রতিবেদনে ওই চার শিক্ষককে তাদের এমপিওভুক্তির তারিখ হতে ২০১৮ সাল পর্যন্ত  উত্তোলন করা সরকারি বেতন ও ভাতা’র ৭৬ লাখ ৬৯ হাজার ২১৮ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সভাপতি, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ বেশ কয়েকটি দপ্তরে প্রতিবেদনটি দাখিল করেছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ওই প্রতিবেদনের শিক্ষাগত ও কারিগরি যোগ্যতা সংক্রান্ত তথ্যে বলা হয়, রানীশংকৈল বিএম কলেজের ওই চার শিক্ষকের কারিগরি প্রশিক্ষণ সনদ যাচাইয়ে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নেকটার) ফুলতলা, বগুড়ায় প্রেরণ করা হলে, ২০১৯ সালের ১৩ নভেম্বর ৫৭.২১.০০০০.০০৭.৩৬.০০১.১৮-১৬৭৪ নম্বর স্মারকে ওই চার শিক্ষকের সনদ ভুয়া বলে সংশ্লিষ্ট দপ্তরকে জানায় প্রতিষ্ঠানটি।

পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ওই প্রতিবেদনে তাদের নিয়োগবিধি সম্মত হয়নি বলে উল্লেখ করা হয়। 

ভুয়া সনদ দিয়ে চাকরি নেওয়া ওই চার শিক্ষক হলেন- রানীশংকৈল বিএম কলেজের সেক্রেটারিয়েল বিভাগের প্রভাষক আহম্মদ হোসেন (বিপ্লব), কম্পিউটার বিভাগের ট্রেড ইন্সট্রাক্টর শরিফুল ইসলাম ও রাজিউল ইসলাম এবং সহকারী গ্রন্থাগারিক আনিসুর রহমান চৌধুরী।

২ বছর আগে সহকারী গ্রন্থাগারিক আনিসুর রহমান চৌধুরী মারা গেছেন।

ভুয়া সনদ দিয়ে চাকরি নেওয়া চার শিক্ষকের মধ্যে কলেজটি অধ্যক্ষ হাসান আলী নবাবের ভাই আহম্মদ হোসেন বিপ্লব, তার ভগ্নিপতি রাজিউল ইসলাম।

এ ব্যাপারে সেক্রেটারিয়েল বিভাগের প্রভাষক আহম্মদ হোসেন (বিপ্লব) বলেন, বগুড়ায় অবস্থিত জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নেকটার) থেকে সংশ্লিষ্ট বিভাগে প্রশিক্ষণ নিয়ে সনদপত্র গ্রহণ করা হয়েছে। এটা জাল হতে পারে না।

কলেজটির অধ্যক্ষ হাসান আলী (নবাব) বলেন, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের প্রতিবেদন পাওয়ার পর ৭ দিন আগে জবাব দেওয়া হয়েছে কারিগরি অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরে।

তিনি তার প্রতিষ্ঠানের ওই চার শিক্ষকের সনদ সঠিক দাবি করে বিধি সম্মতভাবে চাকরি দেওয়ার কথা জানান।

১৯৯৮ সালের ২৫ ডিসেম্বর জেলার রানীশংকৈল উপজেলার বাঁশবাড়ি গ্রামে রানীশংকৈল বিএম কলেজটি প্রতিষ্ঠিত হয়।

২০০০ সালে এই প্রতিষ্ঠানটি এমপিও ভুক্তি হয়। এমপিও ভুক্ত শিক্ষকের সংখ্যা ৪১জন বলে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। ২০১৭ সালের ১৬ মার্চ শিক্ষা পরিদর্শক খন্দকার আশরাফুল আলম এই কলেজটি পরিদর্শন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত