টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ভারতীয় নৌবাহিনীর একটি প্রতিনিধিদল।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ভারতীয় নৌবাহিনীর কমোডর মহাদেব গোবর্ধন রাজুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু কমপ্লেক্সে রক্ষিত মন্তব্য বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। পরে বঙ্গবন্ধুর মাজার প্রাঙ্গণ ঘুরে দেখে।
এ সময় তার সফরসঙ্গী কমান্ডার সঞ্জীব অগ্নিহোত্রি ও গৌরব দুর্গাপাল এবং ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরা ছাড়াও বাংলাদেশ নৌবাহিনী খুলনা নেভাল এরিয়ার কমান্ডার আরিফুল ইসলাম, কমান্ডার মো. মোস্তফা কামাল এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ভারতীয় নৌবাহিনীর ‘কুশিল ও সুমেধা’ নামক দুটি জাহাজ তিন দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে।
