মুম্বাইয়ের ফিল্ম সিটিতে চলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের দৃশ্যায়ন। কখনো ধানমন্ডির বাড়ি, কখনো টুঙ্গিপাড়ার ঘাট, কখনো বা কলকাতার দৃশ্য।
শেখ মুজিবের জন্মশতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে এই বায়োপিক। বাংলা ছাড়াও যা হিন্দি ও ইংরেজিতেও হবে।
শুটিং শুরুর কথা ছিল অনেক আগে। কিন্তু বাদ সেধেছিল করোনা। পরিস্থিতি একটু ভালো হতেই পুরোদমে কাজ শুরু করে দিয়েছেন শ্যাম বেনেগাল।
ডয়চে ভেলে এক প্রতিবেদনে জানায়, ৮৬ বছর বয়সেও শুটিং ফ্লোরে আগের মতোই সক্রিয় শ্যাম বেনেগাল। বিশাল সেটের প্রতিটি খুঁটিনাটি তার নজরে। প্রচুর মানুষ কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধুর শুটিং যাতে নিখুঁত হয় তা নিশ্চিত করতে।
বর্তমানে বঙ্গবন্ধুর জীবনের প্রথম দিকের ঘটনা এবং ঘরোয়া বিষয়গুলো ক্যামেরায় ধরে রাখতে চাইছেন নির্মাতা।
শ্যাম বেনেগালের লক্ষ্য ২৬ মার্চের মধ্যে মুম্বাইয়ে শুটিং শেষ করে ফেলা। তিনি জানিয়েছেন, যুদ্ধের দৃশ্য. জনসমাবেশের শুটিং হবে বাংলাদেশে।
শেখ মুজিবুর রহমান যে বিশাল ও ঐতিহাসিক জনসভাগুলি করেছেন, সেটা অত্যন্ত বিশ্বাসযোগ্যভাবে ছবিতে ফুটিয়ে তোলার কাজটা মোটেই সহজ নয়। তবে বেনেগাল এর আগে গান্ধী, সুভাষচন্দ্র, নেহরুকে নিয়ে সিনেমা করেছেন। সেখানেও ছিল বড় আয়োজন।
ছবিতে বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। আরও অভিনয় করছেন ঢাকার নাটক-সিনেমার একগুচ্ছ তারকা।
