নড়াইলের উন্নতি করে ‘ইয়ং গ্লোবাল লিডার’ নির্বাচিত মাশরাফী

আপডেট : ১১ মার্চ ২০২১, ০১:৪৬ পিএম

ক্রিকেটার তকমা দূরে সরিয়ে রেখে নড়াইলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে দারিদ্র্যের ফাঁদ থেকে মুক্ত করতে নানাবিধ পদক্ষেপ নেওয়ায় ২০২১ সালের ‘ইয়ং গ্লোবাল লিডার’ নির্বাচিত হয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা।

সুইজারল্যান্ড সরকারের তত্ত্বাবধানে পরিচালিত অলাভজনক স্বাধীন সংস্থা ইয়ং গ্লোবাল লিডারস বুধবার চলতি বছরের বিজয়ীদের নাম ঘোষণা করেছে। সেখানে দক্ষিণ এশিয়া ক্যাটাগরিতে মাশরাফীর নাম দেখা গেছে।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা- নির্বাহী চেয়ারম্যান এবং বিখ্যাত অর্থনীতিবিদ ক্লাউস সোয়াব ২০০৪ সালে এই সংস্থা গঠন করেন।

মাশরাফীকে নির্বাচিত করার কারণ হিসেবে সংস্থাটির ওয়েবসাইটে লেখা হয়েছে, ‘ক্রিকেটের পাশাপাশি তিনি নিজের হোমটাউন নড়াইলের মানুষকে দারিদ্র্যের ফাঁদ থেকে মুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’

‘ছয়টি উদ্দেশ্য নিয়ে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন: নাগরিকদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা এবং বিশেষায়িত শিক্ষা ব্যবস্থা, নৈতিক ও মানবিক শিক্ষা ব্যবস্থা, কর্মক্ষেত্রের সুযোগ সৃষ্টি, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বৃদ্ধি, খেলাধুলার প্রশিক্ষণ, চিত্র নদীতে পর্যটনকেন্দ্র গড়া এবং নড়াইলকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে রূপান্তর করে পরিবেশগতভাবে নিরাপদ শহর হিসেবে গড়ে তোলা।’

দক্ষিণ এশিয়া থেকে ইয়ং লিডার হয়েছেন দশজন। এর মধ্যে সাতজনই ভারতের। বাকি তিনজন বাংলাদেশ, নেপাল এবং পাকিস্তানের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত