সুনামগঞ্জ-সিলেট সড়ককে ছয় লেনে উন্নীতকরণ ও সুনামগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসাসেবার মানোন্নয়নের দাবিতে সুনামগঞ্জে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে এ গণসমাবেশ হয়। সমাবেশে সুনামগঞ্জ সদর ও বিশ^ম্ভরপুর উপজেলা থেকে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।
সমাবেশে বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুর রহমান, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সাইফুর রহমান, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, ‘হাওর বাঁচাও আন্দোলন’ সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সুনামগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি আলী খুশনুর, সুনামগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনির উদ্দিন, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক প্রমুখ।
