সিলেট মহানগর আ.লীগের সাংগঠনিক সম্পাদক বহিষ্কার

আপডেট : ১২ মার্চ ২০২১, ০১:৪৮ এএম

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবিসহ বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে ছালেহ আহমদ সেলিমকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গত বুধবার রাতে মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় তাকে বহিষ্কার করা হয়। ছালেহ আহমদ সেলিম সিলেট সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। গত ৮ জানুয়ারি অনুমোদন হওয়া সিলেট মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছিলেন।

সেলিমকে সাময়িক বহিষ্কারের তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সেলিমকে সাময়িক বহিষ্কার করে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তা তদন্তে সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আইনজীবী প্রদীপ ভট্টাচার্যকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন আইনজীবী বেলাল আহমদ ও আইনজীবী জাহিদ সরোয়ার সবুজ।’

এ প্রসঙ্গে বক্তব্য জানার জন্য ছালেহ আহমদ সেলিমের মোবাইল ফোনে কল দিয়েও সাড়া পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত