করোনাভাইরাসের (কভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ে ক্রমেই খারাপ হচ্ছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের অবস্থা। সোমবার থেকে নাগপুরে পূর্ণ লকডাউনের ঘোষণা দিয়েছে প্রশাসন।
আনন্দবাজার জানায়, পুণেতে সংক্রমণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ার কারণে কার্যকর করা হয়েছে রাত্রিকালীন কারফিউ।
প্রশাসন সূত্র জানায়, এতে সংক্রমণ নিয়ন্ত্রণে না এলে এই শহরেও পূর্ণ লকডাউনের পথে হাঁটতে পারে উদ্ধব ঠাকরে প্রশাসন।
এরই মধ্যে আকোলা শহরে শুক্রবার রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। সেখানেও লাফিয়ে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে নাগপুর শহরে ১৫ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেছে প্রশাসন। গত মাস থেকে নাগপুরে করোনা সংক্রমণ বাড়ছিল।
করোনার সংক্রমণের বিচারে বৃহস্পতিবার চলতি বছরের সর্বোচ্চ অংকে পৌঁছে যায় মহারাষ্ট্র। দৈনিক ১৪ হাজার ছুঁয়ে ফেলে সংক্রমণ। রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ছাড়িয়ে যায় ১ লাখের গণ্ডি।
অন্যদিকে, ভারতে ক্রমেই বাড়ছে দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় তা ২৩ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই আক্রান্ত ১৪ হাজারের বেশি।
বিষয়টি নিয়ে নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ভিকে পাল সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা এখন যে পরিস্থিতির দিকে যাচ্ছি, তাতে কভিডের ছড়িয়ে পড়া রুখতে কড়াকড়ি ফিরিয়ে আনার ফের প্রয়োজন পড়ছে। এই ভাইরাসকে হালকা করে দেখবেন না। অপ্রত্যাশিতভাবে তা আঘাত হানতে পারে।’
