চিকিৎসকদের পরামর্শ পুরোপুরি না মেনেই সোমবার থেকে ফের নির্বাচনী প্রচারে নেমে পড়তে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আনন্দবাজার জানায়, সবকিছু ঠিকঠাক থাকলে তার সফর শুরু হবে ঝাড়গ্রাম জেলা থেকে। আর তিনি চলাফেরা করবেন হুইলচেয়ারে।
রবিবার নন্দীগ্রাম দিবসে (১৪ মার্চ) বাড়ি থেকে তৃণমূলের নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন মমতা। বৃহস্পতিবার ইশতেহার প্রকাশের কথা ছিল। কিন্তু তার আকস্মিক দুর্ঘটনায় কর্মসূচির পরিবর্তন করতে হয়।
এসএসকেএম হাসপাতাল থেকে শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফেরেন মুখ্যমন্ত্রী। এ সময় তাকে হুইলচেয়ারে বসে থাকতে দেখা যায়।
বুধবার নন্দীগ্রামে মনোনয়ন জমা দেওয়ার পরে কেন্দ্র সফরের সময়ই গাড়ির দরজা থেকে বাঁ-পায়ে গুরুতর আঘাত পেয়েছিলেন তিনি। আঘাত লাগে শরীরের আরও কয়েকটি জায়গায়।
চিকিৎসকেরা চেয়েছিলেন, মুখ্যমন্ত্রী আরও ৪৮ ঘণ্টা হাসপাতালে পর্যবেক্ষণে থাকুন। তাছাড়া, অন্তত সাত দিন বিশ্রামের পরামর্শ ছিল চিকিৎসকদের। মমতা কিছুটা জোর করেই বাড়ি ফিরে যান। তাকে সাত দিনের মাথায় ফের পরীক্ষা করার কথা চিকিৎসকদের।
বাড়ি ফিরে তৃণমূল নেত্রী বলেন, ‘‘আঘাত, যন্ত্রণা সবকিছুর পরেও বলছি- মানুষের কাছে গিয়ে আমাকে দাঁড়াতেই হবে। কারণ নির্বাচন একটি বড় রাজনৈতিক সংগ্রাম। সেখানে মানুষই আমার শক্তি। তাই নিজের কষ্টের থেকে মানুষের সামনে পৌঁছানো আমার কাছে বেশি জরুরি।’
পরিবর্তিত পরিস্থিতিতে মমতার ঘোরাফেরা সবই আপাতত হুইলচেয়ারে। বন্দোবস্ত করা হয়েছে দু’টি হুইলচেয়ারের। হুইলচেয়ারে বসেই বক্তৃতা করবেন মমতা।
আঘাতের কারণে শুক্র ও শনিবারের দু’দিনের নির্বাচনী কর্মসূচি বাতিল করতে হয়েছে মমতাকে। তা নিয়েও তিনি ‘পীড়িত’। আগামী কর্মসূচি অনুযায়ী সোমবার তার সভা করার কথা ঝাড়গ্রামের লালগড় ও গোপীবল্লভপুরে।
