সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়ার প্রত্যয়ে রাজু দিবস পালিত

আপডেট : ১৩ মার্চ ২০২১, ০৮:০২ পিএম

সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গনের অঙ্গীকার নিয়ে ‘সন্ত্রাসবিরোধী রাজু দিবস' পালন করেছে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরের পাশে রাজু ভাস্কর্যের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, রাজু সংসদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্রমৈত্রীসহ রাজুর বন্ধু ও সহযোদ্ধারা।

শ্রদ্ধা নিবেদন শেষে সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন প্রতিষ্ঠার শপথ নেয় রাজুর সংগঠন ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা। পরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে ছাত্র ইউনিয়নের সাবেক-বর্তমান নেতা-কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন থেকে একটি সন্ত্রাসবিরোধী মিছিল বের করে ছাত্র ইউনিয়ন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে করে শহীদ রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশ থেকে থেকে রাজুর হত্যার বিচার এবং ১৩ মার্চ সন্ত্রাসবিরোধী রাজু দিবস হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডারে অন্তর্ভুক্তির দাবি জানানো হয়।

১৯৯২ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-ছাত্রদলের বন্দুকযুদ্ধ চলাকালে সন্ত্রাসের প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্র ঐক্যের মিছিলে চালানো গুলিতে নিহত হন ছাত্র ইউনিয়নের তৎকালীন সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মঈন হোসেন রাজু। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। রাজুসহ সন্ত্রাসবিরোধী আন্দোলনের সব শহীদদের স্মরণে ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে নির্মিত হয় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত