ভারতে একটি মুসলিম ছেলে পানি খেতে মন্দিরে গিয়ে বেধড়ক মারধরের শিকার হয়েছে। ঘটনাটির একটি ২৫ সেকেন্ডের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।
ভারতের সংবাদ মাধ্যমে বলছে, ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের গাজিয়াবাদ এলাকায়। তবে ভিডিওটি কে বা কারা পোস্ট করেছেন সেটা জানা যায়নি। ভিডিওটির সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয়নি।
ইন্টারনেটে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এ নিয়ে সোশাল মিডিয়ায় শুরু হয়েছে হৈ চৈ। লোকজন ওই ব্যক্তিকে গ্রেফতারের দাবি জানিয়ে ভিডিওটি শেয়ার করে এ বিষয়ে পোস্ট দেয়। টুইটারে ছড়িয়ে পড়ে হ্যাশট্যাগ 'সরি'। এই ঘটনার জন্য তারা ছেলেটির জন্য দুঃখ প্রকাশ করে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে- এক ব্যক্তি একটি শিশুর হাত ধরে হিন্দি ভাষায় তার নাম জানতে চাইছেন। জবাবে ছেলেটি জানায় তার নাম আসিফ। পিতার নাম জানতে চাওয়া হলে সে বলে হাবিব। মন্দিরে কি করছ- হিন্দিতে ওই ব্যক্তি জানতে চাইলেন। মন্দিরে পানি খেতে এসেছি- ছেলেটি জবাব দেয়। এসময় তাকে ভীত সন্ত্রস্ত দেখাচ্ছিল।
এর পর পরই শিশুটিকে মারতে শুরু করেন ওই ব্যক্তি। প্রথমে মাথায় ও পরে সারা শরীরে চড় মারতে থাকেন তিনি। এক পর্যায়ে শিশুটির হাত মুচড়ে তাকে মাটিতে ফেলে দিয়ে অনবরত লাথি ও কিল ঘুষি মারতে শুরু করেন।
গাজিয়াবাদের পুলিশ ছেলেটিকে মারধর করার অভিযোগ একজনকে গ্রেফতার করেছে এবং ভিডিওতে যা দেখা গেছে তার ভিত্তিতে একটি প্রাথমিক অভিযোগ বা এফআইআর দায়ের করা হয়েছে।
একজন পুলিশ কর্মকর্তা স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, ভিডিওতে যে ব্যক্তি শিশুটিকে মারধর করছিলেন তিনি বিহারের বাসিন্দা। তাকে গ্রেফতার করার পর এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
দ্য হিন্দু পত্রিকা জানায়, ছেলেটির পিতা সাংবাদিকদের বলেছেন, বাড়িতে ফেরার পথে তার ছেলে পিপাসার্ত হয়ে পড়লে তার ছেলে পানি খেতে ওই মন্দিরে গিয়েছিল।
