ফরিদপুরে ভুয়া পুলিশ সেজে ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার

আপডেট : ১৪ মার্চ ২০২১, ১০:৫৬ পিএম

ফরিদপুরের ভাঙ্গা ও আশপাশের এলাকায় পুলিশ সেজে ছিনতাইয়ের কয়েকটি ঘটনার তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের নিকট থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সামনে ও পেছনে পুলিশ লেখা একটি মোটরসাইকেল, হ্যান্ডকাফ, ওয়াকিটকি ও জ্যাকেটসহ ছিনতাইকৃত স্বর্ণালংকার ও ১৫ টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

রবিবার দুপুরে ফরিদপুর জেলা পুলিশের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২ মার্চ ভাঙ্গা-পুকুরিয়া সড়কের মধ্যবর্তী স্থানে তারা অটো বাইকের গতিরোধ করে পুলিশ পরিচয় দিয়ে অকথ্য গালাগাল করে অটো চালককে তাড়িয়ে দেয়ার পর নারী যাত্রীকে জবরদস্তি করে মোটরবাইকে তুলে ফাঁকা জায়গায় নিয়ে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ওই নারী থানায় অভিযোগ দিলে পুলিশ তদন্তে নেমে এমন আরও কয়েকটি ঘটনার সন্ধান পান।

গত ১২ মার্চ পুলিশ ঘটনার হোতা শাকিল আহমেদ রুবেলকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি মোতাবেক ১৩ মার্চ মাদারীপুরের রাজৈর থেকে চক্রের আরেক সদস্য সঞ্জয় হালদারসহ দুজনকে আটক করা হয়। তারা চলতি মাসে বিভিন্ন স্থানে এ ধরনের ৬টির অধিক ঘটনা ঘটিয়েছে বলেও জানায় পুলিশ।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার সাহা, ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমা কাদের চৌধুরী ও সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত