গতকাল সমাপ্ত আবুধাবি টেস্টের তৃতীয় দিন। আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের প্রথম ইনিংসের ৯১তম ওভারের খেলা চলছে। তখন জিম্বাবুয়ের রান ছিল ৮ উইকেটে ২৮১ রান। মিডল-অর্ডার ব্যাটসম্যান সিকান্দর রাজা ৭৯ রানে ব্যাট করছিলেন। উল্টোদিকে ছিলেন ১০ নম্বর ব্যাটসম্যান ব্লেসিং মুজারাবানি। সাঈদ শিরজাদের করা শেষ বল কভার দিয়ে খেলে সিঙ্গেলের জন্য দৌড়ান রাজা। বল বাউন্ডারি হবে আশায় পয়েন্ট থেকে আফগানদের ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হাসমতউল্লাহ শাহিদি ধীরে ধীরে দৌড়ান। কারণ তারা চাচ্ছিলেন বাউন্ডারি হোক। রাজা এ প্রান্তেই থাকুক। নতুন ওভার স্ট্রাইক নিক দুর্বল মুজারাবানি। কিন্তু বল গিয়ে থেমে যায় পয়েন্ট বাউন্ডারির কয়েক ইঞ্চি ভেতরে। সেটা কুড়াতে গিয়ে ইচ্ছে করে এক পা সীমানা দড়ির বাইরে রাখেন শাহিদি, যাতে চার দেন আম্পায়ার। কিন্তু আফগান ফিল্ডারদের ইচ্ছাকৃত ফিল্ডিং নিয়ে আপত্তি জানান রাজা। ফলে দুই আম্পায়ার আলিম দার এবং আহমেদ শাহ পাকতিন জরিমানা হিসেবে ৫ রান দেন জিম্বাবুয়েকে। আর নতুন ওভারে স্ট্রাইক নেওয়ার অনুমতি দেন রাজাকে।
একবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বীরেন্দ্র সেবাগ এমন ভুল করায় ভারতকে রানের জরিমানা গুনতে হয়েছিল। বাংলাদেশের ক্রিকেটে প্রথম ফেক ফিল্ডিংয়ে ৫ রানের জরিমানা গুনেছিলেন রাজশাহী কিংসের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। রংপুর রাইডার্সের বিপক্ষে ২০১৯ সালের বিপিএলে ঘটে সেই ঘটনা। প্রথমে ব্যাট করে রংপুরকে মাত্র ১৩৬ রানের লক্ষ্য দেয় রাজশাহী। এরপর মিরাজ ফেক ফিল্ডিং করে ৫ রান জরিমানা গোনেন। বাংলাদেশের ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে এটাই প্রথম ঘটনা। ইনিংসের দ্বাদশ ওভারে নিজের বলেই মিরাজ স্কোয়ার লেগের দিকে ছুটে যান। বল থেকে দূরে থাকতেই সøাইড করেন। ততক্ষণে সুইপার পজিশন থেকে ফিল্ডার দৌড়ে এসে বল কুড়িয়ে পাঠিয়ে দেন। ওই বলে ব্যাটসম্যান রাইলি রুশো ১ রান নিয়েছেন। মিরাজকে সøাইড করার অভিনয় দেখে আম্পায়ারের মনে হয়, ব্যাটসম্যানকে বিভ্রান্ত করতেই মিরাজ অমন ফিল্ডিং করেছেন। নিয়ম অনুযায়ী শাস্তি হয় ৫ রান।
২০১৭ সালের সেপ্টেম্বরে আইসিসি রান জরিমানার আইনটি পাস করে। ক্রিকেট আইনের ৪১.৫ ধারা অনুযায়ী ফিল্ডিংয়ের ভান করার শাস্তি ৫ রান। এই আইনে সাজা পাওয়া প্রথম দল কুইন্সল্যান্ড। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার ঘরোয়া জেএলটি ওয়ানডে কাপে অস্ট্রেলিয়া ক্রিকেট একাদশের বিপক্ষে কুইন্সল্যান্ডকে ৫ রান জরিমানার শাস্তি পেতে হয়েছিল। কুইন্সল্যান্ডের ওপেনার ম্যাথু রেনশ ব্যাটসম্যানদের দৃষ্টিকোণ থেকে আইনটি যথার্থ বলে মন্তব্য করেছিলেন। ফেক ফিল্ডিং বা ইচ্ছাকৃত রান ক্রিকেটীয় চেতনা-বিরোধী মনে করে মেরিলিবন ক্রিকেট ক্লাব- এমসিসি। এই কাজটি থামানোর জন্যই তারা ৪১.৫ ধারা পাস করে। পরে আইসিসি এটা ক্রিকেট আইনের স্বীকৃতি দেয়। যার সর্বশেষ প্রয়োগ দেখা গেল আবুধাবি টেস্টে।
রশিদ খানের করা পরের ওভারের দ্বিতীয় বলে রাজার দ্বিতীয় রানের জন্য ছুটতে গিয়ে রানআউট হন মুজারাবানি। আর পরের বলে ৮৫ রান করা রাজাকে আউট করে ইনিংস মুড়িয়ে দেন রশিদ খান।
