ঘর দেয়ার নামে কোটি টাকা হাতিয়ে নেয়া আল-আমিন গ্রেপ্তার

আপডেট : ১৬ মার্চ ২০২১, ১২:২৭ পিএম

সাভারে সরকারি ঘর ও গভীর নলকূপ দেওয়ার কথা বলে দুই শতাধিক মানুষের কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা হাতিয়ে নেয়া প্রতারক আল-আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে থাকলেও ভুক্তভোগী জনতা তাকে আটকের পর পুলিশে সোপর্দ করেন।

মঙ্গলবার সকালে আল-আমিনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম। তবে এখনো তার কয়েকজন সহযোগী পলাতক রয়েছে।

থানা-পুলিশ জানায়, সাভার উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারি ঘর ও নলকূপ দেওয়ার কথা বলে বঙ্গবন্ধু পক্ষাঘাত ও পেশাজীবী পরিষদ (বিপিপিপি) সংস্থা খুলে স্থানীয় কয়েকজন মহিলা আওয়ামী লীগ নেত্রীসহ সাধারণ মানুষকে ঘর দেওয়ার কথা বলে প্রতারণার ফাঁদে ফেলে তিন কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে উঠেছে আল-আমিনের বিরুদ্ধে।

পরে ভুক্তভোগীরা ঘর না পেয়ে সাভার উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিলে প্রতারক আল আমিনের বিরুদ্ধে তদন্তে নামে প্রশাসন। 

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, আল আমিনের বিরুদ্ধে সকালে সাভার মডেল থানায় প্রতারণার মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হবে।

প্রসঙ্গত, সাভারের কয়েকটি ইউনিয়নের মহিলা ইউপি সদস্যের মাধ্যমে বঙ্গবন্ধু পক্ষাঘাত ও পেশাজীবী পরিষদ (বিপিপিপি) সংস্থা খুলে এই দুর্নীতি ও প্রতারণা করে। এই সংস্থার মহাপরিচালক হলেন আল আমীন।

তিনি গত দুই মাস যাবৎ বিড ফেয়ার নামক পোশাক কারখানার প্রায় দুই শত শ্রমিককে বেতন ভাতা না দিয়ে পলাতক ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত