সরকার সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করে ফেলেছে: মির্জা ফখরুল

আপডেট : ১৬ মার্চ ২০২১, ০৪:১৬ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার আইনের আশ্রয় নিয়ে দেশে এমন কিছু আইন তৈরি করেছে যেগুলো মানুষের অধিকার ক্ষুণ্ন করছে। ডিজিটাল নিরাপত্তা আইন করে তারা আজকে গোটা দেশের সংবাদমাধ্যমকে কণ্ঠরোধ করে ফেলেছে এবং রাষ্ট্রবিরোধী আইন করেছে।

তিনি মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের ঘিওরে বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

জিয়াউর রহমানের খেতাব বাতিল করার বিষয়ে তিনি বলেন, জামুকা এবং সরকারের ক্ষমতা নেই তার খেতাব বাতিল করার। এটা করা হলে স্বাধীনতার সাথে বিশ্বাস ঘাতকতা করা হবে। দেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হবে।

মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, দেশে গণতন্ত্র নেই। অনির্বাচিত সরকার একনায়কতন্ত্র কায়েম করেছে। ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমের গণমাধ্যমের কণ্ঠ রোধ করেছে।

আজকে যারা সরকারে আছে, তারা নির্বাচিত সরকার নন। তারা বেআইনিভাবে নিজেদের নির্বাচিত ঘোষণা করে, নির্বাচনের আগের রাতে ভোট করে ক্ষমতা দখল করে বসে আছেন। আর এখন ক্ষমতাকে চিরস্থায়ী করে রাখবার জন্য তারা যে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে গণতন্ত্র নেই। এখন যারা ক্ষমতায় বসে আছে তারা বেআইনিভাবে আছে। মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য গণতান্ত্রিক আন্দোলন যারা করছে সেটা জোরদার করতে হবে। অন্য কোনো রাষ্ট্রের কাউকে বলে কোন লাভ হবে না।

এখানকার মানুষদেরকেই জেগে উঠতে হবে তাদের অধিকার পাওয়ার জন্য।

১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ঢাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করার বিষয়ে তিনি বলেন, ক্ষমতাসীন বা সরকার নিজেদের প্রয়োজনে অন্যান্য রাজনৈতিক দলের কর্মসূচি পালনের অধিকার হরণ করেছে।

ফখরুল বলেন, ভারতের সঙ্গে যে সম্পর্ক সেই সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ শুধু দিয়েই যাচ্ছে। কিছু পাচ্ছে না। আমরা এখন পর্যন্ত সীমান্তে মানুষ হত্যা বন্ধ করতে পারিনি। নদীগুলোর হিস্যা পাইনি।

খোন্দকার দেলোয়ার হোসেনের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়া এলাকায় মির্জা ফখরুল ইসলাম প্রথমে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় অন্যান্যের মধ্যে দেলোয়ারপুত্র খোন্দকার আকবর হোসেন বাবলু, অ্যাডভোকেট আব্দুল হামিদ ডাবলু, মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত