কুবি প্রশাসনের অর্থায়নে ক্রিকেট টুর্নামেন্ট শুধু ছাত্রলীগের জন্য!

আপডেট : ১৬ মার্চ ২০২১, ০৬:২০ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শুধু 'ছাত্রলীগের' জন্য ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে প্রশাসন। আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে শাখা ছাত্রলীগকে। শুধু ছাত্রলীগের নেতাকর্মীরা খেলার সুযোগ পাচ্ছেন।

মঙ্গলবার বেলা ১২টায় এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন বৈষম্যমূলক আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

জানা যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুদানে 'মুজিববর্ষ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২১' আয়োজনে বিশ্ববিদ্যালয় থেকে বরাদ্দ দেওয়া দেওয়া হলেও জার্সিতে আয়োজকের হিসেবে রয়েছে ছাত্রলীগের নাম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক তিনটি ছাত্র হল থেকে মোট আট দল নিবন্ধন করে। সাত বীরশ্রেষ্ঠ ও ভাষাসৈনিক শহিদ ধীরেন্দ্রনাথ দত্তের নামে নামাঙ্কিত এসব দলে শুধু শাখা ছাত্রলীগের নেতাকর্মীরাই সুযোগ পেয়েছেন। এমনকি বিভিন্ন সময়ে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দেরও এ টুর্নামেন্টে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। 

বিশ্ববিদ্যালয়ের বাজেটে শিক্ষার্থীদের খেলতে না দিয়ে প্রশাসন বৈষম্য তৈরি করেছেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

গত বছর আয়োজিত বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ টুর্নামেন্টের ১৯ দলের অন্তত ১০ অধিনায়কের সঙ্গে কথা হয় প্রতিবেদকের। 

নাম প্রকাশে অনিচ্ছুক একটি দলের অধিনায়ক বলেন, 'প্রশাসন কর্তৃক শিক্ষার্থীদের জন্য আয়োজিত মুজিববর্ষ টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের কোনো টপ পারফরমার নেই। শুধু ছাত্রলীগ না করায় বঞ্ছিত হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। এটি নিঃসন্দেহে টুর্নামেন্টের সৌন্দর্য হারাবে।'

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, শুধু ছাত্রলীগের জন্য ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় থেকে বরাদ্দ হলেও ছাত্রলীগের বাইরে কেউ খেলার সুযোগ পাচ্ছে না। প্রশাসনের এমন বৈষম্যমূলক আচরণ মেনে নেয়া যায় না।

তবে এ টুর্নামেন্টের জন্য বিশ্ববিদ্যালয় থেকে কত টাকা বরাদ্দ দেওয়া হয়েছে তা জানেন না অর্থ দপ্তরের পরিচালক।

বরাদ্দের বিষয়ে জিজ্ঞেস করা হলে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসেব দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) কামাল উদ্দিন ভূইয়া বলেন, 'আমি এ ব্যাপারে কিছু জানি না। আপনারা ছাত্রলীগকে জিজ্ঞেস করেন কত টাকা বাজেট দেওয়া হয়েছে।'
তবে দপ্তরের পরিচালক হিসেবে তার এ তথ্য জানা থাকা দরকার কিনা এমন প্রশ্নে তিনি বলেন, 'আমি কোনো তথ্য দিতে পারব না।'

তবে খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের নামে টুর্নামেন্টের জন্য একটি চেক অনুমোদন হয়েছে। মূলত সেই টাকা থেকেই এ টুর্নামেন্টের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে শিক্ষক সমিতির সভাপতি ও ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ড. শামিমুল ইসলাম বলেন, এ টুর্নামেন্ট সাধারণ শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের নামে একটি আবেদনপত্র এসেছিল। সেই হিসেবেই বরাদ্দ দেওয়া হয়েছে। তারা খেলতে না পারলে বিষয়টা খুবই দুঃখজনক।

এদিকে শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ এ টুর্নামেন্টকে নিজেদের দলীয় টুর্নামেন্ট দাবি করে বলেন, 'এ টুর্নামেন্টের বাজেটের একটি অংশ ছাত্রলীগ ম্যানেজ করেছে। এটা ছাত্রলীগের দলীয় টুর্নামেন্ট। বিশ্ববিদ্যালয় প্রশাসন এতে সহযোগীতা করেছে।

তবে বিশ্ববিদ্যালয়ের এমন আয়োজন সরাসরি কোন রাজনৈতিক সংগঠনকে দেওয়া যায় কি না ফোনে এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড এমরান কবির চৌধুরী 'এখন কোনো কথা বলতে পারবেন না' বলে জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত