পঞ্চগড় সুগার মিল চালুর দাবিতে গতকাল মঙ্গলবার সকালে সুগার মিলের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। জাতীয় সম্পদ রক্ষা করো, বিরাষ্ট্রীয়করণ বাতিল করো, শিল্প-শ্রমিক কৃষক-চাষি রক্ষা করো এ স্লোগানে বাংলাদেশ আখচাষি ও চিনিকল রক্ষা সংগ্রাম পরিষদ এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে চিনিকলের শ্রমিক-কর্মচারী ও আখচাষিরা অংশ নেন।
ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির সদস্য সুলতানুল নাইম চৌধুরী শুভ, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি আবু বকর ছিদ্দিক, সংগ্রাম পরিষদের সদস্য হারুণ অর রশিদ, কৃষ্ণ চন্দ্র রায়, আছিমউদ্দিন ও চিনিকলের কর্মচারী মফিদুল ইসলাম বক্তব্য দেন।
বক্তারা বলেন, চিনিকলগুলোতে লোকসানের জন্য শ্রমিক ও আখচাষিরা দায়ী নয়। এর জন্য সরকার ও প্রশাসনের অনিয়ম, ভুল নীতি ও দুর্নীতি দায়ী উল্লেখ করে তারা চিনিকলসহ সব রাষ্ট্রীয় সম্পদ বিরাষ্ট্রীয়করণের বিরুদ্ধে বামন্ডপ্রগতিশীল দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দল, ব্যক্তি, গোষ্ঠীকে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
