আলুক্ষেতে আছড়ে পড়ল প্রশিক্ষণ বিমান

আপডেট : ১৭ মার্চ ২০২১, ০২:০৩ এএম

রাজশাহীর তানোরে ‘যান্ত্রিক ত্রুটির কারণে’ জরুরি অবতরণ করতে গিয়ে একটি প্রশিক্ষণ বিমান মাটিতে আছড়ে পড়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে তানোরের লালপুর ও আড়াদীঘি গ্রামের মাঝামাঝি জায়গায় একটি আলুর ক্ষেতে বিমানটি আছড়ে পড়ে। এতে একজন পাইলট ও একজন প্রশিক্ষণার্থী থাকলেও তারা কেউ হতাহত হননি।

জানা গেছে, দুর্ঘটনায় পড়া চেসনা-১৫২ মডেলের বিমানটি বাংলাদেশ ফ্লাইং ক্লাবের। রাজশাহীর হযরত শাহমখদুম (রহ.) বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশ ফ্লাইং ক্লাব প্রশিক্ষণ কার্যক্রম চালায়। গতকাল দুপুরে এই বিমানবন্দর থেকেই দুর্ঘটনায় পড়া বিমানটি আকাশে উড়ান দেয়। তানোরে গিয়ে সেটি দুপুর ২টার দিকে আলুক্ষেতে আছড়ে পড়ে। বিমানটি সেখানে উপুড় হয়ে পড়ে আছে।

বাংলাদেশ ফ্লাইং ক্লাবের রাজশাহীর প্রশিক্ষক ক্যাপ্টেন মাহফুজুর রহমান দুর্ঘটনাকবলিত বিমানে ছিলেন। তার সঙ্গে ছিলেন ক্যাডেট নাহিদ এরশাদ।

ক্যাপ্টেন মাহফুজুর রহমান দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে মোবাইল ফোনে বলেন, ‘আমরা সুস্থ আছি। আমরা ঘটনাস্থলেই আছি। কীভাবে, কেন দুর্ঘটনা ঘটেছে সেসব বিষয়ে পরে কথা বলা যাবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত