চার সমঝোতা স্মারকে সই বাংলাদেশ-মালদ্বীপের

আপডেট : ১৮ মার্চ ২০২১, ০২:৫২ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহের বৈঠকের পর চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এর মধ্যে সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে একটি যৌথ কমিশন গঠন অন্তর্ভুক্ত রয়েছে।

মালদ্বীপের প্রেসিডেন্ট বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান। এরপর দুই নেতা একান্ত বৈঠকে মিলিত হন। পরে দুই দেশের প্রতিনিধি দল দ্বিপক্ষীয় বৈঠকে বসে।

বৈঠক শেষে দুই দেশের পক্ষে সংশ্লিষ্টরা সমঝোতা স্মারকে (এমওএইউ) স্বাক্ষর করেন।

এর মধ্যে ‘জয়েন্ট কমিশন ফর কম্প্রিহেনসিভ কোঅপারেশন’ গঠনে একটি এমওএইউ স্বাক্ষর করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। দুই দেশের পররাষ্ট্রসচিব সই করেন ‘বাইল্যাটারাল ফরেন অফিস কনসালটেশন’ বিষয়ক এক সমঝোতা স্মারকে।

সামুদ্রিক মৎস্য আহরণে দুই দেশের সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারকে সই করেন বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী। এ ছাড়া বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী এবং মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে সাংস্কৃতিক কর্মসূচি বিনিময় বিষয়ে একটি এমওইউ সই করেন।  

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনের অনুষ্ঠানে অংশ নিতে প্রথম বিশ্বনেতা হিসেবে বুধবার সকালে ঢাকায় আসেন প্রেসিডেন্ট সলিহ। ওই দিন বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মালদ্বীপের প্রেসিডেন্ট। পরে বঙ্গভবনে রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দেবেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনারও ভোজসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত