ট্রেনে টিকাদান কেন্দ্র

আপডেট : ১৮ মার্চ ২০২১, ১১:৫৪ পিএম

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সবার আগে আরেকটি নজির গড়ল রাশিয়া। প্রথম করোনা টিকা আবিষ্কারের ঘোষণা দেওয়া দেশে এবার ট্রেনে চড়ে টিকা দেওয়াও শুরু হলো। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশে স্পুটনিক-ভি টিকা আবিষ্কারের ঘোষণা দেওয়ার পর পশ্চিমের অনেক দেশই রাশিয়ার এ সাফল্য নিয়ে সংশয়ে ছিল। সংশয়ের মূল কারণ ছিল কার্যকারিতা পরীক্ষার আগেই টিকা দেওয়া শুরু করা। সেই টিকার কার্যকারিতা এখন প্রমাণিত। এ জন্য ইতিমধ্যে ট্রেনে টিকা দেওয়ার বিশেষ উদ্যোগ শুরু হয়েছে সে দেশে।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানাচ্ছে, ১০২ বছর বয়স পর্যন্ত মানুষকে চিকিৎসাসেবা দিয়ে যাওয়ায় গিনেস বুকে নাম উঠেছিল রাশিয়ার চিকিৎসক ফিয়োডর উগ্লভের। তার নামে চালু করা অ্যাকাডেমিসিয়ান ফিয়োডর উগ্লভ মেডিকেল ট্রেনেই এখন চলছে করোনার টিকাদান। 

ট্রেনটি দেশে বিভিন্ন অঞ্চলে গিয়ে কোনো স্টেশনে থেমে সেখানেই মানুষজনকে টিকা দিচ্ছে। এতে করে সাধারণ মানুষ অনেক সহজে পাচ্ছে টিকা। শুধু তা-ই নয়, ট্রেনটিতে আছে চিকিৎসাসেবারও ব্যবস্থা। ফলে একে অনেকে বলছে, চলন্ত হাসপাতাল।

টিকা দেওয়ার আগে গ্রহীতার স্বাস্থ্য পরীক্ষার সব ব্যবস্থাই আছে ট্রেনে। ফলে কে টিকা নিতে পারবেন আর কে পারবেন না, তা নিয়ে কোনো জটিলতায় পড়তে হয় না সাধারণ মানুষকে।

ট্রেনে টিকা দেওয়ার একাধিক ভিডিও ও ছবি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। ওই সব ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, বিভিন্ন স্টেশনে থামছে অ্যাকাডেমিসিয়ান ফিয়োডর উগ্লভ মেডিকেল ট্রেন। পরে ট্রেনের দরজায় লাইন দিয়ে দাঁড়াচ্ছেন টিকা নিতে আসা মানুষজন। ভেতরে স্বাস্থ্যকেন্দ্রের মতোই সব ব্যবস্থা আছে। নির্ধারিত জায়গায় একজনকেই টিকা দেওয়া হচ্ছে। নেই কোনো ভিড়-হট্টগোল। 

এদিকে প্রথম দেশ হিসেবে করোনা টিকা তৈরির ঘোষণা দিলেও করোনাকে এখনো নিয়ন্ত্রণে আনতে পারেনি রাশিয়া। সংক্রমণ বাড়ছে, মৃত্যুও বাড়ছে। সে দেশে এখন পর্যন্ত ৪৪ লাখ ১৮ হাজারের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছে আর করোনায় মৃত্যু হয়েছে ৯৩ হাজারের বেশি মানুষের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত