সাম্প্রদায়িক সম্প্রীতি যারা নষ্ট করে, তারা বিএনপির সহযোগী: কাদের

আপডেট : ১৯ মার্চ ২০২১, ০৩:১৯ পিএম

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি যারা নষ্ট করে, তারা বিএনপির সহযোগী।

তিনি বলেন, সুনামগঞ্জের ঘটনায় সাম্প্রদায়িক অপশক্তি ও তার দোসরদের যোগসাজশ রয়েছে বলে জনগণ মনে করে।

শুক্রবার নিজের সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা সরকার সকল ধর্মের অনুসারীদের সহাবস্থান এবং নিরাপত্তা বিধানে প্রতিশ্রুতিবদ্ধ। একটি অশুভ মহল বরাবরের মতো দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করছে। তারা রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে ব্যর্থতা ঢাকতে নানান অপকৌশল আর ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে ।

সরকার ইতোমধ্যে সুনামগঞ্জের ঘটনায় তদন্তপূর্বক কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন জানিয়ে সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা অপরাধকে অপরাধ হিসেবেই দেখে। অতীতের ধারাবাহিকতায় এ ঘটনায় যুক্তদেরও শাস্তি পেতে হবে।

তিনি বলেন, সুনামগঞ্জের ঘটনায় মামলা হয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

এ দুঃখজনক ঘটনায় নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশের পাশাপাশি ধৈর্য ধারণেরও আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, সুনামগঞ্জের ঘটনায় সরকার যখন দলমত নির্বিশেষে অভিযুক্তদের শাস্তির কথা বলছে, তখন বিএনপি নেতারা উদ্দেশ্যমূলক ভাবে আওয়ামী লীগের ওপর দোষ চাপিয়ে প্রকৃত অপরাধীদের আড়াল করতে চাইছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

আওয়ামী লীগের আমলে সংখ্যালঘু নির্যাতন বেড়ে যায়- বিএনপি নেতাদের এমন কাল্পনিক অভিযোগ ও মিথ্যাচার চৈত্রের দাবদাহে আষাঢ়ে গল্প ছাড়া আর কিছু নয় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, মাইনরিটি বান্ধব শেখ হাসিনা সরকার সবসময় সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে রয়েছে।

এছাড়া সংবাদ সম্মেলনে ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলীয় কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে ২৬ মার্চ স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে সকাল ৭টা ৩০ মিনিটে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন। ৮টা ৩০ মিনিটে ঐতিহাসিক ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।

এরপর ২৮ মার্চ সকাল ১১টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আলোচনা সভা। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এতে যুক্ত হবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত