প্রকাশ্যে গাঁজা খাওয়ার সূত্রে সংঘর্ষে নিহত ১

আপডেট : ১৯ মার্চ ২০২১, ১১:৩৯ পিএম

চাঁদপুরের হাইমচরে প্রকাশ্যে গাঁজা খাওয়ার সূত্র ধরে সংঘর্ষে মোবারক গাজী নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আরো তিন যুবক আহত হয়েছেন। আহতরা চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

শুক্রবার সন্ধ্যায় হাইমচর উপজেলার বাংলাবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মোবারক উপজেলার ভিঙ্গুলিয়া গ্রামের মুক্তার হোসেন গাজীর ছেলে। আহতরা একই এলাকার মহিন খান (১৮), হামিদ (২০) ও মহিন ভূইয়া (২১)।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাবাজার এলাকায় রাজন খান তার বন্ধুদের নিয়ে প্রকাশ্যে গাঁজা সেবনকালে এলাকায় মাদকদ্রব্য সেবন না করতে মহিন খান ও মহিন ভূইয়া অনুরোধ জানান। এতে রাজন খান সংঘবদ্ধ হয়ে শুক্রবার সন্ধ্যায় তাদের ওপর আক্রমণ চালায়। এ সময় মোবারক তাদের উদ্ধারে এগিয়ে আসলে রাজন তার হাতে থাকা ছুরি দিয়ে মোবারকের গলায় আঘাত করে।

আহত মহিন ভূইয়ার বাবা শাজাহান ভূইয়া বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাবাজার এলাকায় রাজন খান, মহন ও আলাউদ্দিন মাদক সেবন করছিল। তা দেখে মহিন ও তার বন্ধুরা তাদের নিষেধ করেন। এতে তারা শুক্রবার সংঘবদ্ধ এই হামলা চালায়।

চাঁদপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সৈয়দ আহমেদ বলেন, মোবারকের বাম কান থেকে ডান কান পর্যন্ত গলায় গভীর ক্ষত ছিল। এতে করে গলার রগ কেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। হাসপাতালে আসার আগেই তিনি মারা যান। এ ছাড়া আহত অবস্থায় আরো দুজন চিকিৎসাধীন রয়েছে। তাদের শরীরেও ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে।

এ বিষয়ে এএসপি হেডকোয়ার্টার মো. আসাদুজ্জামান বলেন, প্রাথমিক ভাবে জানতে পেরেছি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন গুরুতর আহত হয়েছে এবং একজন নিহত হয়েছেন। ঘটনা জানার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি, এবং এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় নেয়া হবে।

হাইমচর থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তবে এই ঘটনায় অভিযুক্তদের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ঘটনার পর থেকেই তারা পলাতক রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত