ইউটিউব চ্যানেল নিয়ে হাজির হচ্ছেন নোলক বাবু

আপডেট : ২০ মার্চ ২০২১, ১১:২১ পিএম

নোলক বাবু। জনপ্রিয় এই গায়ক বাংলাদেশে গানের প্রথম রিয়্যালিটি শো ‘তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর প্রথম আসরে ২০০৫ সালে কারিশমা দেখিয়েছেন চ্যাম্পিয়ন হয়ে। তবে নোলক বাবু অনেক দিন ধরেই আগের মতো আলোচনায় নেই। মাঝে নিয়েছিলেন বিরতিও। দীর্ঘ বিরতির পর গানে আবারও নিয়মিত হয়েছেন নোলক। মাঝে মাঝে গানের বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা যায়।

সম্প্রতি প্রকাশিত হয়েছে এই গায়কের একটি নতুন গানও। দেশ রূপান্তরকে নোলক জানালেন, শিগগিরই আরও ৪/৫টা গান প্রকাশিত হতে যাচ্ছে তার। এর মধ্যে কয়েকটা আসবে ঈদকে কেন্দ্র করে। এই কণ্ঠশিল্পী একটি নতুন তথ্যও দিলেন। আর সেটি হচ্ছে আগামী মাসেই নিজের ইউটিউব চ্যানেল নিয়ে হাজির হবেন।

নোলক বলেন, ‘মাঝে বিরতি শেষে আবারও নিয়মিত গান করছি। গান নিয়েই এখন আমার ধ্যান ধারণা। এত দিন অন্যদের জন্য কাজ করলেও এখন নিজের জন্য কাজ করব। শিগগিরই নিজের ইউটিউব চ্যানেল নিয়ে হাজির হবো। সবকিছু গুছিয়ে নিচ্ছি। সেখান থেকে নিজের গান নিজেই প্রকাশ করব। আশা করছি আগামী মাসেই ইউটিউব চ্যানেল প্রকাশ করতে পারব।’

রোমান্টিক ফোক গানই তার পছন্দের শীর্ষে। স্টেজ শো নিয়েই ব্যস্ত সময় পার করছেন জামালপুরের এই কণ্ঠশিল্পী। এ পর্যন্ত দুশো’র অধিক মৌলিক গান প্রকাশিত হয়েছে তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত