সুনামগঞ্জের শাল্লার নোয়াগাওয়ে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় আরও ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার ভোরে দিরাই শাল্লায় অভিযান চালিয়ে পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে। এ নিয়ে এ ঘটনায় ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে শনিবার গ্রামবাসীর দায়ের করা মামলায় প্রধান ওয়ার্ড যুবলীগ সভাপতি শহিদুল ইসলাম ওরফে স্বাধীন মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেট।
তবে এখনো গ্রেপ্তার হওয়া মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম স্বাধীনকে আদালতে আনা হয়নি।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, এ ঘটনায় জড়িত সকল আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তার হওয়া স্বাধীন শাল্লা থানায় রাখা হয়েছে আজকে যেকোনো সময় তাকে আদালতে নেয়া হতে পারে।
গত বুধবার হিন্দু যুবকের ফেসবুকে স্ট্যাটাসকে কেন্দ্র করে ধরে শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের অর্ধশতাধিক হিন্দুবাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়।
ওই ঘটনায় বৃহস্পতিবার রাতে হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল প্রথম মামলাটি করেন।
মামলায় প্রধান আসামি করা হয়েছে দিরাইয়ের তাড়ল ইউনিয়নের ওয়ার্ড ইউপি সদস্য শহিদুল ইসলাম স্বাধীনকে। তিনি ওই ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
শহীদুল ইসলাম স্বাধীনের বাড়ি শাল্লা উপজেলার পার্শ্ববর্তী দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের নাচনি গ্রামে।
