জামালপুরে আগুনে স্ত্রীর মৃত্যু, স্বামী আহত

আপডেট : ২১ মার্চ ২০২১, ০২:৩০ পিএম

জামালপুর পৌর এলাকার রশিদপুরে অগ্নিকাণ্ডে সানজিদা আক্তার শিপ্রা (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী ইকরামুল হক শুভ্র।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আফসার উদ্দিন জানান, রবিবার সকাল সোয়া ১০টার দিকে পৌর এলাকার রশিদপুরে বাড়িতে গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করছিলেন সানজিদা আক্তার শিপ্রা।

এ সময় সিলিন্ডারের পাশে থাকা পেট্রল ভর্তি একটি ড্রামে আগুন ছড়িয়ে পড়লে পেট্রলের ড্রামটিতে বিস্ফোরণ ঘটে বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে সানজিদার মৃত্যু হয়। 

গুরুতর আহত হয় তার স্বামী ইকরামুল হক শুভ্র। পরে আহত ইকরামুল হক শুভ্রকে স্থানীয়রা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আহত ইকরামুল হক শুভ্র রশিদপুর বাজারে পেট্রল, অকটেনসহ বিভিন্ন ধরনের তেলের ব্যবসা করেন।

এদিকে অগ্নিকাণ্ডের প্রায় এক ঘণ্টা পর ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা উত্তেজিত হয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ভাঙচুর করে। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আফসার উদ্দিন আরও জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে বের হয়। কিন্তু কয়েকটি স্থানে রাস্তার কাজ চলার কারণে রাস্তা বন্ধ থাকা ও যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছতে কিছুটা বিলম্ব হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত