লক্ষ্মীপুরে স্কুলছাত্রী ও তরুণী ধর্ষণের শিকার

আপডেট : ২১ মার্চ ২০২১, ০২:৪৮ পিএম

লক্ষ্মীপুর সদর ও কমলনগরে পৃথক ঘটনায় স্কুলছাত্রীসহ দুই তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট থানায় ধর্ষণের আলাদা দুটি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ দুই ধর্ষণের ঘটনার প্রধান অভিযুক্ত মেহেদী হাসান হৃদয় ও আকরাম হোসেন নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়।

রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে থানায় মামলা ও অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

লক্ষ্মীপুর পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান জানান, সদর উপজেলায় বাবার অসুস্থতায় পরিবারের লোকজন হাসপাতালে ছিলেন। এ সুযোগে ঘরে একা পেয়ে শনিবার দিবাগত রাতে দশম শ্রেণির শিক্ষার্থীকে এলাকার যুবক হৃদয় ধর্ষণ করেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।

এ ঘটনায় রবিবার সকালে ভিকটিমের বাবা বাদী হয়ে হৃদয়কে আসামি করে সদর থানায় মামলা করেন। পুলিশ সকালে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

এদিকে কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া এলাকায় শনিবার রাতে ১৭ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠে রামগতি উপজেলার আব্দুল বাতেনের ছেলে আকরাম হোসেনের বিরুদ্ধে।

এ ঘটনায় রবিবার সকালে ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা করেন। পুলিশ অভিযুক্তকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান পৃথক দুটি ধর্ষণের ঘটনা, মামলা ও দুই অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেন।

একই সঙ্গে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা দুটি নিষ্পত্তি করার কথা জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত