বগুড়ায় বিদ্যুতায়িত হয়ে মা-মেয়ের মৃত্যু

আপডেট : ২১ মার্চ ২০২১, ০৩:৪১ পিএম

বগুড়ার দুপচাঁচিয়ায় বিদ্যুতায়িত হয়ে মা ও মেয়ে মারা গেছেন। রবিবার দুপুরে দুপচাঁচিয়া উপজেলার পশ্চিম আলোহালী গ্রামে এই ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ওই গ্রামের ইউনুস আলীর স্ত্রী পাপিয়া খাতুন (৩৫) ও তার ৭ বছরের মেয়ে সোনালী খাতুন।

এলাকাবাসী জানান, রবিবার দুপুরে মা ও মেয়ে বাসায় গোসল করতে গিয়ে পানি উত্তোলনের জন্য বৈদ্যুতিক মোটরের সুইচে হাত দিলে পাপিয়া খাতুন বিদ্যুতায়িত হন। এ সময় তিনি ছটফট শুরু করলে মেয়ে সোনালী চিৎকার দিয়ে মাকে জড়িয়ে ধরে সেখান থেকে সরিয়ে নিতে গেলে সেও বিদ্যুতায়িত হয়।

মেয়ের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে। পরে উভয়কে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মা ও মেয়ের লাশ হাসপাতালে রয়েছে। ধারণা করা হচ্ছে ওই বাসার বৈদ্যুতিক লাইনের গোলযোগ থেকে দুর্ঘটনাটি ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত