সিএনজিচালক হত্যায় পৌর কাউন্সিলর গ্রেপ্তার

আপডেট : ২১ মার্চ ২০২১, ০৮:০৯ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জে সিএনজিচালিত অটোরিকশাচালক জলিল মিয়া হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর গোলাম মুহিতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সিএনজিচালক হত্যা মামলার ৩ নম্বর আসামি ও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। রবিবার ভোরে মৌলভীবাজার শহর থেকে তাকে আটক করা।

পুলিশ জানায়, মৌলভীবাজারের পুলিশ সুপারের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে রবিবার ভোরে মৌলভীবাজার পৌর এলাকা থেকে পলাতক পৌর কাউন্সিলর মুহিতকে গ্রেপ্তার করা হয়। মুহিত মামলার প্রধান আসামি কমলগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা গোলাম কিবরিয়া শফির ছোট ভাই।

কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, ‘রোববার বিকেলে আসামিকে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়। অপর আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।’

মামলা সূত্রে জানা যায়, ৪ মার্চ বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় শমসেরনগর সিএনজি ফিলিং স্টেশনে গাড়িতে গ্যাস ভর্তি করা নিয়ে কথা কাটাকাটি ও উত্তেজনার পর কমলগঞ্জ থেকে আসা সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফির ভাই যুবদল নেতা গোলাম কিবরিয়া তৈমুরের ছুরিকাঘাতে সিএনজিচালিত অটোরিকশা চালক জলিল মিয়া খুন হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত