কুমিল্লা সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড মোগলটুলি থেকে সার্কিট হাউস সড়কে স্থাপিত বঙ্গবন্ধুর বিলবোর্ড ভাঙচুর করা হয়েছে।
সার্কিট হাউস সড়কের অন্তত ২০টি বিলবোর্ড ভেঙে ফেলা হয় এবং বঙ্গবন্ধুর ছবি কেটে ফেলা হয়। দুর্বৃত্তরা রাতের আঁধারে বঙ্গবন্ধুর বিলবোর্ড ভাঙচুর করেছে বলে ধারণা করা হচ্ছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে বলতে পারছেন না স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
কুমিল্লা কোতয়ালী মডেল থানা থেকে মাত্র পাঁচ শ গজ দূরে এমন ঘটনায় বেশ আলোচনা দেখে গেছে নেতাকর্মীদের মধ্যে।
সোমবার সকাল থেকে বঙ্গবন্ধু বিলবোর্ড ভাঙার বিষয়টি নজরে আসে সকলের। রোববার রাতে এ ঘটনা হয়েছে ধারণা করা হচ্ছে।
আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সিটি করপোরেশনের ২৭ ওয়ার্ডে বঙ্গবন্ধুর বিলবোর্ড লাগানো হয়। এর মধ্যে ৫ নম্বর ওয়ার্ড মোগলটুলিতেই বিলবোর্ড ভাঙচুরের ঘটনা ঘটেছে। মোগলটুলি থেকে ডাকঘর পর্যন্ত সিসি ক্যামেরা রয়েছে, যারাই বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরের মতো অপরাধ করেছে তা সিসি ক্যামেরায় রয়েছে।
মোগলটুলি ওয়ার্ড যুবলীগ কর্মী জুলিয়াস মাকসুদ জ্যোতি ও আব্দুস সামাদ অপু এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলেন। সিসি টিভির ফুটেজ দেখে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি জানান তারা।
সোমবার রাতে পুলিশসহ ঘটনাস্থল পরিদর্শন করেন ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে সামাদ সাগর। তিনি জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুরে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
