মেডিকেলে ভর্তি পরীক্ষা

স্থগিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন

আপডেট : ২৩ মার্চ ২০২১, ০২:১৩ এএম

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারি-বেসরকারি মেডিকেল  কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষ কোর্সের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে। এক পরীক্ষার্থীর পক্ষে এ আবেদনটি করা হয়েছে বলে গতকাল সোমবার সাংবাদিকদের জানান সংশ্লিষ্ট আইনজীবী মুনতাসীর মাহমুদ রহমান। এতে শিক্ষা  সচিব, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতিকে বিবাদী করা হয়েছে।

রিটকারীর আইনজীবী জানান, পরীক্ষার তারিখ ২ এপ্রিল নির্ধারণ করে গত ৭ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি জারি হয়। ওই সময় করোনার প্রকোপ কম থাকলেও এখন তা বেড়েছে। মহামারীর পরিস্থিতির কারণে এখনো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয়নি। তাই মেডিকেলে ভর্তি পরীক্ষা স্থগিত এবং করোনার প্রকোপ কমলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একই সময়ে পরীক্ষা নেওয়ার আবেদন জানানো হয়েছে রিট আবেদনে। কার্যতালিকায় এলে হাইকোর্টের সংশ্লিষ্ট একটি বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত