ইউপি চেয়ারম্যানের শ্যালকের বাড়ি থেকে ১৪০০ কেজি সরকারি চাল উদ্ধার

আপডেট : ২৩ মার্চ ২০২১, ০৮:৫৬ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনি ইউনিয়নের রূপনাই গাছপাড়া গ্রামের মৃত সোনা উল্লার ছেলে রবিউল ইসলামের বাড়ির একটি গুদাম ঘর থেকে সোমবার রাতে পুলিশ সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরের ১ হাজার ৪০০ কেজি চাল উদ্ধার করেছে।

রবিউল ইসলাম সম্পর্কে খুকনি ইউনিয়নের চেয়ারম্যানের মুল্লুক চাঁদের শ্যালক বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে মঙ্গলবার সকালে শাহজাদপুর উপজেলা খাদ্যনিয়ন্ত্রক জহুরুল ইসলাম বাদী হয়ে এনায়েতপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

এনায়েতপুর থানার ওসি আতাউর রহমান বলেন, রবিউল দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডের চাল কম দামে কিনে কালোবাজারে বেশি দরে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ দিন রাতে শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুদ হোসেনের নেতৃত্বে এনায়েতপুর থানা পুলিশের একটি দল রবিউল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির সবাই পালিয়ে যায়। পরে ওই বাড়ির একটি গুদাম ঘর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ১ হাজার ৪০০ কেজি চাল উদ্ধার করা হয়।

এ বিষয়ে খুকনি ইউনিয়নের চেয়ারম্যান মুল্লুক চাঁদ বলেন,এ ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুদ হোসেন বলেন,ছোট বড় মিলে ৪০টি বস্তা চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। দোষীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত