রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, উক্ত তদন্ত প্রতিবেদনে কারও দায়িত্ব কর্তব্য পালনে অবহেলা ও দুরভিসন্ধিমূলক আচরণ করে থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
অগ্নিকাণ্ডে যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যেকটি পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় ক্ষতিগ্রস্ত হয়েছে। একইভাবে হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি মনে করি খুব শিগগিরই ক্ষতিগ্রস্তরা আগের স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
বুধবার দুপুর ২টার দিকে কক্সবাজারের উখিয়ার বালুখালী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের মাঝে বস্ত্র বিতরণ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, ভাসানচরে কাউকে জোর করে নেয়া হবে না। যারা স্বেচ্ছায় যেতে চায় তাদেরকেই নেয়া হবে। সেখানে সুন্দর ব্যবস্থা রয়েছে। যারা যেতে চান তাদের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া আছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য আমাদের কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে। আমি বিশ্বাস করি রোহিঙ্গারা একদিন মিয়ানমারে ফেরত যাবে।
এর আগে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে পৌঁছান। ক্যাম্প পরিদর্শন ও রোহিঙ্গাদের মাঝে বস্ত্র বিতরণ শেষে ঢাকায় ফিরে যান।
উল্লেখ্য গত সোমবার বিকেলে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় বসত ঘরসহ সবকিছু হারিয়ে নিঃস্ব হয়েছে প্রায় দশ হাজার পরিবারের ৪৫ হাজার রোহিঙ্গা। বর্তমানে এদের অধিকাংশই তাঁবু খাঁটিয়ে এবং অনেকেই খোলা আকাশের নিচে বসবাস করছে।
মঙ্গলবার সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহসিন জানিয়েছিলেন, ৩৮০০ রোহিঙ্গা পরিবারকে বিভিন্ন জায়গায় আশ্রয় দেয়া হয়েছে। বাকিরা এখন তাদের পুড়ে যাওয়া ঘর খুঁজে বেড়াচ্ছেন। বিশ্ব খাদ্য কর্মসূচি ও রেড ক্রিসেন্টসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা রোহিঙ্গাদের খাদ্য সহায়তা দিচ্ছে।
ত্রাণ মন্ত্রণালয় সচিব মোহাম্মদ মহসিন জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি কাজ শুরু করে দিয়েছে। তিন দিনের মধ্যেই তারা রিপোর্ট জমা দেবে। ত্রাণ মন্ত্রণালয় জরুরি সহায়তা হিসেবে ১০ লাখ টাকা ও ৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে বলে জানান তিনি।
