পাকিস্তানের প্রজাতন্ত্র দিবসে ইমরান খানকে শেখ হাসিনার চিঠি

আপডেট : ২৪ মার্চ ২০২১, ০৭:৪৯ পিএম

পাকিস্তানের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান ও সে দেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা আক্রান্ত ইমরান খানের সুস্থতাও কামনা করেছেন তিনি।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানিয়েছে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের বিষয়ে বাংলাদেশের অঙ্গীকারের কথা উল্লেখ করে পাকিস্তানের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শেখ হাসিনা মঙ্গলবার ইমরান খানের কাছে চিঠি পাঠান।

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর ও বৈচিত্র্যময় হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। উন্নয়ন ও শান্তির পথে আমাদের অভিন্ন যাত্রার মধ্য দিয়ে দুই দেশের জনগণ উপকৃত হতে পারে।’

ইমরান খানের সুস্বাস্থ্য কামনার পাশাপাশি পাকিস্তানের বন্ধুপ্রতিম জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন শেখ হাসিনা।

চিঠির বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন মঙ্গলবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অসুস্থ। তাঁর কোভিড–১৯ হয়েছে। সে জন্য আমাদের প্রধানমন্ত্রী সুস্থতা কামনা করে উনাকে একটি বার্তা পাঠিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত