নারায়ণগঞ্জের খানপুরস্থ করোনা (৩ শ শয্যা) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চার রোগীর মৃত্যু হয়েছে। এরমধ্যে দুজনের করোনা পজিটিভ ও দুজনের করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। এ ছাড়া হাসপাতালের আইসিইউ ইউনিটে গুরুতর অবস্থায় ছয় চিকিৎসা নিচ্ছেন।
বুধবার বিকেলে খানপুর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাসার দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় মৃত্যু হয় ফতুল্লার পশ্চিম দেওভোগ বাসিন্দা মো সোলাইমানের (৭০)। এর আগে একই দিন বিকেল সাড়ে ৩টায় মৃত্যু হয় সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকার হিরাঝিলের বাসিন্দা রোকেয়া বেগমের (৬০)। তাদের করোনা পজিটিভ ছিল।
এছাড়া ২৩ মার্চ বিকেলে আমীর হোসেন (৭৩) নামের আরেক রোগীর মৃত্যু হয়েছে খানপুর হাসপাতালে। ২৪ মার্চ সকাল ৬টা নাগাদ ফজলুল হক (৫৭) নামে আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই দুইজনের করোনার উপসর্গ ছিলো।
গত ২৪ ঘন্টায় (২৩ মার্চ সকাল ৮টা- ২৪ মার্চ সকাল ৮টা) নারায়ণগঞ্জে নতুন করে ৮২ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট ৯৪৭৯ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে জেলাজুড়ে।
খানপুরস্থ নারায়ণগঞ্জ ৩’শ শয্যা হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবুল বাসার আরও জানান, গত দুই দিনে (২৩ মার্চ ও ২৪ মার্চ) দুজন করোনায় আক্রান্ত হয়ে ও দুজন করোনার সাসপেক্টে মারা গেছেন আমাদের হাসপাতালে। বর্তমানে আমাদের আইসিউ ইউনিটে ছয় ও সাধারণ ইউনিটে ৩৮ করোনার রোগী চিকিৎসা নিচ্ছেন।
করোনার পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে শঙ্কা করে নারায়ণগঞ্জের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে ডা. আবুল বাসার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ করেছেন, দ্রুত যেন কার্যকর ব্যবস্থা নেয়।
