মোদির সফর নিয়ে বায়তুল মোকাররমে বিক্ষোভ: ব্যাপক সংঘর্ষ

আপডেট : ২৬ মার্চ ২০২১, ০৫:৫৭ পিএম

বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় মোদির আগমনের বিরোধিতাকারীদের সঙ্গে ক্ষমতাসীন নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমার নামাজের পর মসজিদ থেকে বেরিয়ে আসা একদল লোক নরেন্দ্র মোদির সফরের বিরোধিতা করে স্লোগান দিতে শুরু করলে স্থানীয় ছাত্রলীগ ও আওয়মী লীগ কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ও জল কামান ব্যবহার করে। 

পুলিশের মতিঝিল জোনের ডিসি সৈয়দ নুরুল ইসলাম বলেন, ভারতের প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বায়তুল মোকাররম এলাকায় আগে থেকে আমাদের নিরাপত্তা বেষ্টনি ছিল। শুক্রবার জুমার নামাজের পর একদল মুসল্লি মিছিল নিয়ে জুতা-স্যান্ডেল দেখানো শুরু করে। এতে অন্য মুসল্লিরা বাধা দেয়। তখন তাদের মধ্য সংঘর্ষ শুরু হয়। 

তিনি বলেন, যারা জুতা-স্যান্ডেল দেখাচ্ছিলেন তারা পরে মসজিদের ভেতরে অবস্থান নিয়ে ইট-পাটকেল ছুড়তে থাকেন। এতে অপরপক্ষের মুসল্লিরা আহত হন, পুলিশের অনেক সদস্যও আহত হন। পুলিশ রাবার বুলেট, টিয়ার শেল ছুড়ে তাদের নিবৃত্ত করার চেষ্টা করে। এরপর পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে। 

তিনি অভিযোগ করে বলেন, যারা বাংলাদেশ রাষ্ট্রের মর্যাদা ভূলুণ্ঠিত করতে চায়, তারা এ ধরনের সংঘর্ষের জন্য দায়ী। 

তবে হতাহতের নির্দিষ্ট কোনো তথ্য তিনি দিতে পারেননি।  

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, বায়তুল মোকাররমে এলাকায় সংঘর্ষের ঘটনায় বেলা সোয়া ২টা পর্যন্ত ২১ জন আহত অবস্থায় হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে সাংবাদিক, ক্ষমতাসীন দলের নেতাকর্মী এবং নামাজ পড়তে যাওয়া সাধারণ মানুষও রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত