ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ২৫৮ জন; যা দেশটিতে একদিনে আক্রান্তের নিরিখে নতুন রেকর্ড তৈরি হল।
শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, বর্তমানে দেশজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ কোটি ১৯ লাখ ৮ হাজার ৯১০। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ১২ লাখ ৯৫ হাজার ২৩ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৯১ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১ লাখ ৬১ হাজার ২৪০।
আক্রান্তের দিক দিয়ে এখনও সর্বপ্রথম মহারাষ্ট্র। মহারাষ্ট্র সরকার জানিয়েছে, শুক্রবার নতুনভাবে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৯০২ জন।
এদিকে দিল্লিতেও নতুনভাবে করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৩৪ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীতে মারা গেছে ৯ জন। বর্তমানে দিল্লিতে সক্রিয়ভাবে করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৫১ জন।
গত ৭ আগস্ট ২০ লাখ পেরিয়ে গিয়েছিল করোনা আক্রান্তের সংখ্যা। ২৩ আগস্ট ৩০ লাখ পেরোয় আক্রান্তের সংখ্যা। ১১ অক্টোবর ৮০ লাখ, ২৯ অক্টোবর ৯০ লাখ এবং ১৯ ডিসেম্বর ১ কোটি ছুঁয়েছিল আক্রান্তের সংখ্যা। তবে এরপর সংক্রমণের গতি কিছুটা কম ছিল। বর্তমানে আবারও বৃদ্ধি পেয়েছে সংক্রমণের গতি।
