বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের পুরুষ ফুটবল ইভেন্ট মাঠে গড়িয়েছে। শনিবার কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুরু হয় এ প্রতিযোগিতা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ব্যবস্থাপনায় কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিযোগিতায় ৮টি জেলা দল ছাড়াও বিকেএসপি ও বাংলাদেশ সেনাবাহিনী অংশ নিচ্ছে।
প্রথম দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে সাতক্ষীরা জেলা দল ৩-০ গোলে স্বাগতিক কুমিল্লা জেলা দলকে পরাজিত করে। সাতক্ষীরা জেলা দলের পক্ষে ১টি করে গোল করেন সুমন, জাকির ও মহানন্দ।
দ্বিতীয় ম্যাচে রংপুর ফুটবল দল ২-১ গোলে হারিয়েছে বিকেএসপিকে। রংপুরের পক্ষে একটি করে গোল করেন নুরুজ্জামান ও মোমিনুর রহমান। বিকেএসপির পক্ষে একমাত্র গোলটি আরমানের।
এদিন বেলা দেড়টায় বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মো. কামরুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য ও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য আবদুল ওয়াদুদ পিন্টু, পুলিশ সুপার ফারুক আহমদ পিপিএম (বার) ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন।
এ সময় আরো বক্তব্য রাখেন কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাদল খন্দকার। সভা পরিচালনা করেন কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য দেলোয়ার হোসেন জাকির।
