হেফাজতে ইসলামের ডাকা রবিবারের হরতালে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় বাস–মিনিবাসের চলাচল অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। যাত্রী পাওয়া সাপেক্ষে দূরপাল্লার পথেও বাস চালানোর কথা জানিয়েছেন সংগঠনের নেতারা।
শনিবার সকালে বাংলামোটরে সংগঠনের কার্যালয়ে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির অধীনে রাজধানীর বিভিন্ন পথে, ঢাকা জেলার বিভিন্ন উপজেলা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জে বাস চলাচল করে। অন্যদিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও বাস–ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের অধীনে দূরপাল্লার পথে বাস চলাচল করে।
সভায় উপস্থিত একাধিক নেতা জানান, করোনা পরিস্থিতির কারণে দুই মাস বাস বন্ধ ছিল। এরপর চালু হলেও যাত্রী এখনো আগের অবস্থানে যায়নি। এ অবস্থায় হরতালে বাস–মিনিবাস বন্ধ থাকলে পরিবহন মালিক–শ্রমিকেরা পুনরায় ক্ষতিগ্রস্ত হবেন। হরতালে বাস–মিনিবাস চলাচল নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়েছেন মালিকেরা।
