জমির বিরোধে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

আপডেট : ২৮ মার্চ ২০২১, ০১:৩২ পিএম

জমিজমা নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে রোকন উদ্দিন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।

রবিবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রোকন উদ্দিন ওই গ্রামের আব্দুর রশিদ মোল্লার ছেলে।

স্থানীয়রা জানায়, বাড়ির জমি নিয়ে রোকন উদ্দিন মোল্লা ও তার চাচাতো ভাই শিলু মোল্লার বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। সকালে বাড়িতে গোয়াল ঘর নির্মাণ করছিলেন রোকন উদ্দিন।

এ সময় শিলু মোল্লা বাধা দিলে বাগ্‌বিতণ্ডা হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে শিলু মোল্লা রোকন উদ্দিনকে ছুরিকাঘাত করেন। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ছুরিকাঘাতে রোকন উদ্দিন নামের এক যুবক হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।       

×
সর্বশেষ সর্বাধিক পঠিত