দোয়া ও বিক্ষোভের নতুন কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম। রবিবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীতে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম।
সোমবার দোয়া ও শুক্রবার বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে।
নুরুল ইসলাম বলেন, হেফাজতের শীর্ষ নেতারা হাটহাজারী মাদ্রাসায় বৈঠক করে এর পরের কর্মসূচি ঠিক করবেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের প্রতিবাদকারীদের কয়েকজন নিহত হওয়ার ঘটনায় রবিবার সারা দেশে হরতাল ডাকে হেফাজত।
হরতাল চলাকালে বেলা ৩টার দিকে হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী হাটহাজারীতে সাংবাদিকদের বলেন, তাদের হরতালে দেশবাসী ‘সাড়া দিয়েছে’। সারা দেশের মাদ্রাসায় ‘হামলা ও জুলুম’ হচ্ছে দাবি করে তা বন্ধের জন্য সরকারের কাছে দাবি জানান তিনি।
