পুলিশের সঙ্গে সংঘর্ষ: বিএনপি নেতাকর্মীদের নামে মামলা, গ্রেপ্তার

আপডেট : ২৮ মার্চ ২০২১, ০৭:৪৫ পিএম

গাজীপুরে যুবদল-ছাত্রদলের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ১৭১ জনকে আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে।

রবিবার গাজীপুর সদর মেট্রো থানার এসআই এসএম আল আমিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৪১ জনের নাম উল্লেখ এবং ১৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আসামিরা সবাই বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী। 

তাদের মধ্যে রয়েছেন মহানগর ছাত্রদলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক এসএম ইমরান রেজা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ রানা, সদর থানা যুবদলের আহ্বায়ক মাহমুদ হাসান রাজু, সদস্য সচিব নাজমুল খন্দকার সুমন, স্বেচ্ছাসেবক দলের গাজীপুর জেলা শাখার সভাপতি হাসিবুর রহমান মুন্না, সাধারণ সম্পাদক নুরে আলম, বাড়িয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি আজিজুল ইসলাম আজিজ।

এ ঘটনায় গ্রেপ্তার জুবায়ের হোসেন (১৯), মো. মাসুদ (৩৯), মো. শামীম (৪০) ও আজিজুল ইসলাম আজিজকে (৫০)  রবিবার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে নিলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য শনিনবার শহরের রাজবাড়ি রোডে দলীয় কার্যালয়ের সামনে রাস্তার ওপর দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোটা, ইটপাটকেল নিয়ে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করে। তাদের সেখান থেকে সরিয়ে দিতে গেলে পুলিশের ওপর হামলা চালায়। এতে এসআই আল আমিনসহ দুই পুলিশ সদস্য আহত হয়। এক পর্যায়ে আসামিরা রাস্তায় থাকা পুলিশের একটি পিকআপসহ যানবাহন ভাংচুর শুরু করে। পরে আসামিরা পুলিশের ওপর বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় পুলিশ ২৭ রাউন্ড টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দয়ে। পুলিশ ঘটনাস্থল থেকে প্লাস্টিকের পাইপ, লোহার রড, বাঁশের লাঠি উদ্ধার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত