পিকেটিংয়ের জের ধরে ২ গ্রামে সংঘর্ষ

আপডেট : ২৮ মার্চ ২০২১, ০৯:৪৪ পিএম

সিলেটের বিশ্বনাথ উপজেলায় হেফাজতে ইসলামের ডাকা হরতালে পিকেটিংয়ের জের ধরে দু’গ্রামের লোকজনের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অর্ধশত লোক আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৯০ রাউন্ড ফাঁকা গুলি ও ৭ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।

রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।

বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা জানান, বিশ্বনাথ-লামাকাজী সড়কের পিচেরমুখ নামক স্থানে রবিবার সকাল থেকেই হরতালের সমর্থনে পিকেটিং করছিলেন আমতৈল গ্রামের গাজীর মোকাম মসজিদের ইমাম মুফতি ফারুক আহমদের নেতৃত্বে হেফাজত নেতাকর্মীরা। এসময় পার্শ্ববর্তী ধলিপাড়া গ্রামের খায়রুল ইসলাম তার ট্রাক নিয়ে বাড়ি যেতে চাইলে পিকেটাররা বাধা দেন। এক পর্যায়ে পিকেটাররা ট্রাক চালককে মারধর করেন। খবর পেয়ে ধলিপাড়া গ্রামের লোকজন এসে পিকেটারদের সঙ্গে বিতণ্ডায় লিপ্ত হন।

তিনি জানান, তখন আমতৈল মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়, ‘ইসলাম বিরোধীরা হেফাজতকর্মীদের ওপর হামলা করেছে’। এ ঘোষণা শুনে আমতৈল গ্রামের বিপুলসংখ্যক মানুষ দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। এরপর দুই গ্রামের লোকজনের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশত লোক আহত হন।

পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে বিশ্বনাথ থানার ওসি শামীম মুসাসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এ ছাড়া আমতৈল গ্রামের লোকজন ধলিপাড়া গ্রামের কয়েকটি বাড়িতেও হামলা-ভাঙচুর চালিয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে আটজনকে আটক করেছে।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত