উইন্ডিজ-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট আজ শুরু

আপডেট : ২৯ মার্চ ২০২১, ১২:১১ এএম

অ্যান্টিগার উইকেট প্রথম দিকে পেসারদের সাহায্য করে। এরপর ক্রমশ মন্থর হয়ে যায়। প্রথম টেস্টে টস জিতে আগে ফিল্ডিং নেওয়া উইন্ডিজ প্রথম দিনের উইকেটের সজীবতা কাজে লাগিয়ে শ্রীলঙ্কাকে মাত্র ১৬৯ রানে অল আউট করেছিল। দুই পেসার জেসন হোল্ডার আর কেমার রোচ নিয়েছিলেন ৮ (৫+৩) উইকেট। আজ সেই মাঠেই শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

প্রায় ১৮ মাস পর ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলছে উইন্ডিজ। বাংলাদেশ সফরে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জেতা অধিনায়ক ক্রেগ ব্র্যাথওয়েটের ওপর আস্থা রেখেছে তারা। সেই সিরিজে ৭৬ এবং ৪৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে  করেছেন ৩ এবং ২৩ রান। অবশ্য দ্বিতীয় ইনিংসে তিনি ২৩ রান করেছিলেন ১২৪ বলে। যা বিপদে পড়া দলকে টেস্ট ড্র করতে সাহায্য করেছিল। তবু অধিনায়কের ফর্ম নিয়ে দুশ্চিন্তা কিন্তু থাকছেই। ২০২০ সালে তার ব্যাটিং গড় ২৩.১০। ২০১৯ এবং ২০১৮ সালে ছিল যথাক্রমে ১৬.৮১ এবং ২৪.৪৩। তাছাড়া অধিনায়কত্বের সময় তার ব্যাটিং গড় ২০.৬৪। কিন্তু অধিনায়কত্বের চাপ ছাড়া ব্যাট হাতে তিনি ৩৪.১৬ গড়ে ব্যাট করেছেন। তবে নিজে ব্যর্থ হলেও দল সাফল্য পাচ্ছে তার অধিনায়কত্বে। বাংলাদেশ সফর যার প্রমাণ। তাছাড়া অ্যান্টিগায় প্রথম টেস্টে শ্রীলঙ্কার পেস ও স্পিন আক্রমণকে শেষ দিনের পুরোটা প্রতিরোধ করে তার নেতৃত্বেই উইন্ডিজ ড্র করেছে। অসাধারণ ব্যাট করেছিলেন এনক্রুমা বনার। ২৭৪ বলে ১১৩ রানে অপরাজিত থেকে উইন্ডিজের প্রতিরোধের মেরুদণ্ড হয়ে উঠেছিলেন তিনি। ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত