রোহিঙ্গাদের ভোটার করার দায়ে কক্সবাজার পৌরসভার বর্তমান, সাবেক তিন কাউন্সিলরসহ চারজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার ভোরে কক্সবাজার শহরের নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মিজানুর রহমান, ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাবেদ কায়সার নোবেল, ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম ও অফিস সহকারী দিদারুল ইসলাম।
দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর উপপরিচালক মাহবুব আলম ও সহকারী পরিচালক শরীফ উদ্দীনের নেতৃত্বে দুদকের পৃথক টিম এ অভিযান চালায়।
দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর সহকারী পরিচালক শরীফ উদ্দীন জানান, দায়িত্ব পালনকালে অনৈতিকতার আশ্রয় নিয়ে কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মিজানুর রহমান ও ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাবেদ কায়সার নোবেল, ১১ নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলাম ও অফিস সহকারী দিদারুল ইসলাম রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার তথ্য পায় দুদক। এর পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হবে।
তিনি জানান, পাঁচ বছরে রোহিঙ্গাদের ভোটার করা, পাসপোর্ট করতে সহায়তা, জন্মনিবন্ধন সনদ দেওয়াসহ নানা অভিযোগে মোট ১২টি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
