‘ঋণের বোঝা সইতে না পেরে’ গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

আপডেট : ৩০ মার্চ ২০২১, ১০:৩১ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঋণের বোঝা সইতে না পেরে এক যুবক গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার ভোররাতে উপজেলার ভুলতা ইউনিয়নের মর্তুজাবাদ টেকপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। 

ভুলতা পুলিশ ফাঁড়ির এসআই মেহেদী হাসান খান জানান, লক্ষ্মীপুর সদর উপজেলার নন্দনপুর এলাকার আজিজ হোসেনের ছেলে মনির হোসেন (৩০) উপজেলার ভুলতা ইউনিয়নের মর্তুজাবাদ টেকপাড়া এলাকার মোহাম্মদ আলীর ভাড়াটিয়া বাড়িতে স্ত্রী নিয়ে বসবাস করতেন এবং এখানে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। কয়েক মাস তিনি কর্মহীন থাকায় স্থানীয় অনেকের কাছে ঋণগ্রস্ত হয়ে পড়েন। ইদানীং পাওনাদাররা ঋণ পরিশোধের জন্য অব্যাহতভাবে চাপ দিতে থাকেন। ঋণের বোঝা সইতে না পেরে মঙ্গলবার ভোরে স্ত্রী ঘুমিয়ে থাকার সুযোগে টিনের ঘরের আড়ার সঙ্গে ওড়না বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। স্ত্রী ঘুম থেকে উঠে স্বামীর ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত